গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:০২ এএম

‘ভাবিনি গোল করবে’- ইব্রাহিমকে নিয়ে বাংলাদেশ কোচ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘ভাবিনি গোল করবে’- ইব্রাহিমকে নিয়ে বাংলাদেশ কোচ

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন মোহাম্মদ ইব্রাহিম। অথচ এশিয়ান কাপের দলে জায়গা না পেয়ে তাকে বাড়ি ফিরেতে হয়েছিল। অনুশীলনে সামর্থ্যের প্রমাণ দিয়ে আবারও জাতীয় দলের কোচের আস্থা অর্জন করেছেন এ ফরোয়ার্ড। ভুটানের বিপক্ষে ম্যাচ শেষে তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলিও। ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বদলি নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইব্রাহিম। তার পারফরম্যান্স নিয়ে ডুলি বলেছেন, `হ্যাঁ। সারাদিন ধরে সেটাই বলছিলাম। দেখুন, যখন একটা নতুন দেশে আসেন, সব খেলোয়াড়কে চেনেন না, তখন খুঁজে বের করতে হবে কোন খেলোয়াড়ের মধ্যে কেমন সামর্থ্য আছে এবং কার উপর ভরসা করতে পারেন।’ ‘মাঝে মাঝে ট্রেনিংয়ে কিছুই দেখতে পান না। তাকে বাড়িতে পাঠিয়ে দেন, যেমন ওর (ইব্রাহিম) ক্ষেত্রে হয়েছিল, তারপর এসে গোল করেছে। তখন মনে হয় মাঠে কী করল, যেটা আমাদের আগে দেখায়নি? তাদেরও মাঝে মাঝে একটু সংকোচ কাজ করে এবং সময়ের সাথে তাদের দেখাতে হয় কীধরনের সামর্থ্য আছে এবং এই অনুশীলনে সেটা দেখিয়েছে। সেজন্যই তাকে দলে রেখে এবং খেলায় ব্যবহার করে খুশি হয়েছি।’ ম্যাচের ট্যাকটিক্যাল পরিবর্তন ও ইব্রাহিমের ভূমিকা ব্যাখ্যা করে বাংলাদেশ কোচ বলেছেন, ‘বিশ্বনাথের একটা পরিস্থিতি ছিল যে দৌড়াতে দৌড়াতে একটু ক্লান্ত হয়ে পড়েছিল এবং যেমন জানেন সে এমন কোন খেলোয়াড় নয় যে বল ধরে রাখতে পারে। আমাদের এমন কাউকে দরকার যে বল ধরে রাখতে পারে, যতক্ষণ না শমিত, রাকিব এবং ফাহমিদুলরা মাঠে প্রবেশ করছে।’ ‘তাই মিডফিল্ডে সে একজন পারফেক্ট খেলোয়াড় ছিল এবং আমরা শমিতকে নামিয়েছিলাম যে নাম্বার টেন হিসেবে মিডফিল্ডে অনেক পরিশ্রম করেছে, ডিফেন্স থেকে বল বের করে আক্রমণে পজিশন তৈরি করতে অনেক খেটেছে, যদিও সে ফরোয়ার্ড পজিশনে ছিল না।’ ‘তাই বললাম এটাই দারুণ হবে যদি আমরা বিশ্বনাথকে তুলে নেই, ইব্রাহিমকে নাম্বার টেন পজিশনে এবং শমিতকে ফরোয়ার্ডে নামাই, যাতে তার পা দুটো একটু বিশ্রাম দিতে পারে। যখন সে গোলমুখের সামনে থাকে, হয়তো ভালো হেডার থেকে বল জালে জড়াতে পারে। জানতাম না যে বা আমি ভাবিনি যে ইব্রাহিম গোল করতে পারবে, বরং ভেবেছিলাম সে সেখানে অন্যকাউকে সুযোগ তৈরি করে দিচ্ছে। তবে হ্যাঁ, এটাই ভালো ফুটবল, আমি সেটা করতে পারি।’

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।