কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক বিরোধের জেরে রুমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মানিকের বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রুমা আক্তার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া এলাকার বাসিন্দা বাহাদুরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মানিক তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে রুমা আক্তারের মৃত্যু হয় বলে অভিযোগ স্থানীয়দের।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করে। পরে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স