রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম আলী (৫৫) এবং কিশোরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ছাত্রলীগ কর্মী তাকবির ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন সন্ত্রাসবিরোধী আইনে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার তদন্তে আদম আলী ও তাকবির ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পানানগর ও কিশোরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার কালবেলাকে বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ নাশকতার পরিকল্পনা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: কালবেলা