গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১২:০৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৩৭ পিএম

কেশম দ্বীপের আকাশে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কেশম দ্বীপের আকাশে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের দক্ষিণাঞ্চলে কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-১ গোয়েন্দা ও হামলাকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে বাহিনীটি জানায়, নতুন একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, এটি ইরানের ভূপাতিত করা ১৬তম এমকিউ-১ ড্রোন।

বিবৃতিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আকাশসীমায় নজরদারি এবং শত্রুপক্ষের বিমান চলাচলের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করছে আইআরজিসি। এর মাধ্যমে এসব ড্রোনের গোয়েন্দা তৎপরতা ও উড্ডয়নপথ সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন করে হামলা চালালে তেহরানের পাল্টা জবাবের আওতায় ইউরোপও আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক সংসদ সদস্য। তার দাবি, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন দেশটির শাহিন শহরের সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি।

তিনি বলেন, ‘পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারের সীমা ছাড়িয়ে যাবে।’

দেলিগানি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য কোনো হামলার মাত্রা কিংবা অবস্থান বিবেচনা করে ইরানের জবাব সীমিত রাখা হবে না। বরং পাল্টা প্রতিক্রিয়া হবে ব্যাপক, বহুগুণ শক্তিশালী ও কৌশলগত। ভৌগোলিক অবস্থানও এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র : আইআরএনএ

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।