গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ পিএম

সেনা সদস্য নিহত হওয়া সেই পাহাড়ে ৩ মরদেহ পড়ে থাকার খবর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সেনা সদস্য নিহত হওয়া সেই পাহাড়ে ৩ মরদেহ পড়ে থাকার খবর

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দুর্গম পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকার খবর পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাসদস্য নিহতের ঘটনার পর একই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানা ঘিরে যৌথ বাহিনীর অভিযান চলার মধ্যে নতুন করে লাশের খবর ঘিরে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। লাশ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মানবপাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক তিতাস শেখ (২৭) নিহত হন।

অভিযানকালে ৫৬ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।

পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাহাড়ে সশস্ত্র অপরাধীদের আস্তানা নির্মূলে এলাকাজুড়ে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকার খবর পেয়েছেন তারা। লাশ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে দায়িত্ব পালনরত একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।