গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:১৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম

প্রবাসীকল্যাণ মন্ত্রী হাসপাতালে, দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রবাসীকল্যাণ মন্ত্রী হাসপাতালে, দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে সরকারি সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে মাউন্ট এডোরা হাসপাতালে ছুটে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেখানে তিনি মন্ত্রীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে এ সাক্ষাৎ করেন বাণিজ্যমন্ত্রী।

জানা গেছে, শুক্রবার সকালে সরকারি কাজে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা, শরীর ঝিমঝিম ও অস্বস্তি অনুভব করেন আরিফুল হক চৌধুরী। এ সময় তাঁর শরীরের ডান পাশ দুর্বল হয়ে আসে এবং কাঁপুনি ও অতিরিক্ত ঘাম দেখা দেয়।

পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করে দ্রুত তাকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিছু পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলেও বাকি প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় প্রবাসীকল্যাণমন্ত্রীর পূর্বনির্ধারিত সফর বাতিল করা হয়েছে।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জে সরকারি কাজ শেষে মন্ত্রী হঠাৎ শরীরের ডান পাশ দুর্বল ও কাঁপতে থাকার বিষয়টি অনুভব করেন। পাশাপাশি তিনি অস্বস্তিবোধ করছিলেন এবং ঘেমে যাচ্ছিলেন। পরে তাকে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, মন্ত্রীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিছু পরীক্ষার প্রতিবেদন এসেছে, বাকিগুলো পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।