গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:১৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ পিএম

এক শতকে জেরুজালেমে খ্রিস্টান জনসংখ্যার হার কমেছে ২৩.৪৪ শতাংশ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এক শতকে জেরুজালেমে খ্রিস্টান জনসংখ্যার হার কমেছে ২৩.৪৪ শতাংশ

অধিকৃত পূর্ব জেরুজালেমে খ্রিস্টান জনগোষ্ঠীর অনুপাত গত এক শতকে ব্যাপকভাবে কমেছে। ১৯২২ সালে শহরটির মোট জনসংখ্যার ২৫ শতাংশ ছিলেন খ্রিস্টান। ২০২৩ সালের শেষ নাগাদ তা কমে দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৫৬ শতাংশে। জেরুজালেম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, ২০২৩ সালের শেষ দিকে অধিকৃত জেরুজালেমে খ্রিস্টান জনসংখ্যা ছিল প্রায় ১৫ হাজার ৩০০। তাদের মধ্যে আনুমানিক ১৩ হাজার ১০০ জন ফিলিস্তিনি।

ইসরায়েলের বিভিন্ন নীতি, অর্থনৈতিক ও সামাজিক চাপ, অব্যাহত দেশত্যাগ এবং জনসংখ্যা বৃদ্ধির নিম্নহারকে খ্রিস্টান জনগোষ্ঠী কমে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে গবেষণাটি।

এতে বলা হয়, জেরুজালেমে ফিলিস্তিনিদের বসবাসের ওপর ইসরায়েলের বিভিন্ন বিধিনিষেধও শহরটিতে ফিলিস্তিনি উপস্থিতি কমিয়ে দিচ্ছে। বিশেষ করে ‘জীবনের কেন্দ্র’ (সেন্টার অব লাইফ) নীতির আওতায় বসবাসের অনুমতি বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

গবেষণায় গির্জার ওয়াক্‌ফ সম্পত্তি ও জমির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেমের ওয়াক্‌ফভুক্ত জমির প্রায় ২৮ শতাংশ গির্জার সম্পত্তি। দীর্ঘমেয়াদি ইজারা এবং আর্থিক চাপ প্রয়োগের মাধ্যমে এসব সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে।

এ ছাড়া খ্রিস্টান ধর্মযাজক, সন্ন্যাসী ও উপাসকদের ওপর হামলার ঘটনাও নথিভুক্ত করেছে গবেষণাটি। এসব হামলার মধ্যে শারীরিক ও মৌখিক নির্যাতন, থুতু নিক্ষেপ এবং গির্জার সম্পত্তি, কবরস্থান ও ধর্মীয় প্রতীকের ক্ষতিসাধনের ঘটনা রয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, পবিত্র সমাধি গির্জায় প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের বিধিনিষেধ এবং পবিত্র শনিবার ও ইস্টার উদ্‌যাপনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা খ্রিস্টানদের ধর্মীয় চর্চাকে সীমিত করছে।

এসব নীতির কারণে জেরুজালেমের আরব ও বহুত্ববাদী চরিত্র হুমকির মুখে পড়ছে বলে সতর্ক করেছে ফাউন্ডেশনটি। খ্রিস্টানদের পবিত্র স্থান, গির্জার সম্পত্তি এবং ফিলিস্তিনি খ্রিস্টান জনগোষ্ঠীর উপস্থিতি রক্ষায় আরও জোরালো আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীর, বিশেষ করে পূর্ব জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে এক হাজার ২২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার ৩৫০ জন আহত এবং ২৬ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।