প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:১৪ এএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:০৫ এএম
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। সারগুলো সাগরপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় চেকপোস্ট বসিয়ে সারসহ ট্রাকটি জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় নরসিংদীর ঘোড়াশাল থেকে আসা একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সারগুলো সাগরপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
উল্লেখ্য, এর আগে গত ৩১ অক্টোবর উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরি প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক জব্দ করে পুলিশ।
সূত্র: কালবেলা