গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:১৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:০০ এএম

রহস্যময় প্রেমিককে নিয়ে পার্টিতে হাজির মালাইকা, কে এই হর্ষ মেহতা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
রহস্যময় প্রেমিককে নিয়ে পার্টিতে হাজির মালাইকা, কে এই হর্ষ মেহতা

বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা কি নতুন সম্পর্কে জড়িয়েছেন? কয়েক মাস ধরে এই প্রশ্ন ঘুরছে বলিউডে। হর্ষ মেহতা নামের হীরার এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো মানিশ মালহোত্রার দীপাবলির পার্টিতে তাঁদের একসঙ্গে উপস্থিতিতে।

মুম্বাইয়ে আয়োজিত এই জমকালো পার্টিতে কথিত প্রেমিক হর্ষ মেহতাকে সঙ্গে নিয়ে হাজির হন মালাইকা। তবে অনুষ্ঠানে প্রবেশের সময় কিংবা বের হওয়ার সময়—কোনো সময়ই দুজনকে একসঙ্গে আলোকচিত্রীদের সামনে পোজ দিতে দেখা যায়নি। মালাইকা একাই ছবি তোলেন। পরে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁকে ইশারায় হর্ষকে ডাকতে দেখা যায়। দুজন একসঙ্গেই সেখান থেকে চলে যান।
তবে বের হওয়ার আগে আলোকচিত্রীদের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়েন হর্ষ। তাঁদের উদ্দেশে দেখান থাম্বস আপও।

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অনুষ্ঠানে মালাইকার পোশাকও ছিল নজরকাড়া। সাদা শার্টের সঙ্গে পরেছিলেন গোলাপি ও সাদা রঙের জমকালো লেহেঙ্গা। বরাবরের মতোই তাঁর সাজপোশাক নজর কেড়েছে অতিথি ও আলোকচিত্রীদের।

এই পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকার সাবেক প্রেমিক অর্জুন কাপুরও। তবে দুজনের দেখা হয়েছে কি না, তা জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে তাঁদের একে অপরের মুখোমুখি হতে দেখা যায়নি।

যেভাবে শুরু হর্ষকে নিয়ে গুঞ্জন
হর্ষ মেহতার সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জনের শুরু ২০২৫ সালের অক্টোবরে। মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে দুজনকে একসঙ্গে দেখা যায়। পুরো অনুষ্ঠানজুড়ে তাঁদের কথা বলতে দেখা গিয়েছিল। পরে দুজনকে আলাদা সময়ে অনুষ্ঠানস্থল থেকে বের হতেও দেখা যায়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হর্ষ পেশায় হীরার ব্যবসায়ী। তাঁর বয়স ৩৩ বছর।

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইতালিতে ছুটি কাটাতে গিয়েও একসঙ্গে দেখা যায় তাঁদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে রোমের বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে দুজনকে দেখা যায়। ছবিতে হর্ষের তোলা সেলফিতে মালাইকাকে তাঁর দিকে ঘনিষ্ঠভাবে ঝুঁকে থাকতে দেখা যায়। এরপর তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে।

মার্চে অভিনেত্রী কৃতিকা কামরা ও গৌরব কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মালাইকা ও হর্ষ। তবে সেদিনও আলোকচিত্রীদের সামনে আসেননি হর্ষ।

অর্জুনের আগে আরবাজের সঙ্গে সংসার
এর আগে দীর্ঘদিন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা। ২০১৮ সালে তাঁদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। প্রায় ছয় বছর পর ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে।

এরও আগে অভিনেতা ও নির্মাতা আরবাজ খানের সঙ্গে সংসার করেছেন মালাইকা। ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন তাঁরা। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির এক ছেলে রয়েছে, আরহান খান।
হর্ষের সঙ্গে মালাইকার সম্পর্কের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দুজনের কেউই।

এনডিটিভি অবলম্বনে

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।