গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:১১ এএম

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে, দাবি ট্রাম্পের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে, দাবি ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মার্কিন বাহিনী ধ্বংস করেছে বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’ তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি।’ তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য চুক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতকে যুদ্ধ হিসেবে অভিহিত করতেও রাজি হননি ট্রাম্প। বরং তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে তিনি ‘সামরিক ইতিহাসের সবচেয়ে বড় অবরোধ’ বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধ করছি না।’ এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে পরিস্থিতির তুলনা করে তিনি দাবি করেন, গত সাত মাসে কোনো মার্কিন সেনা নিহত হয়নি। তবে ইরানের সামরিক সরঞ্জামে যুক্তরাষ্ট্রের সীমিত আকারের হামলার কথা স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেছিল, যা মার্কিন বাহিনী মাত্র ১৫ মিনিটের মধ্যে, এমনকি পাঁচ মিনিটেও ধ্বংস করে দেয়। তবে হামলাটি কখন বা কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। এ ছাড়া ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটিতে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে বলেও দাবি করেন ট্রাম্প। সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।