গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:৪১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ পিএম

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম
বর্তমান পরিস্থিতিতে দেশে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরাকে ‘প্রোপাগান্ডা’ উল্লেখ করে তিনি আরও বলেন, ডিসেম্বরে তাদের ফেরার কোনো সুযোগ নেই। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাটের ‘স্বপ্ন ছায়া’ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় সাংবাদিকসহ সরকারবিরোধী বহু মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার, মারধর ও নির্যাতন করা হয়েছে। সরকার জনগণের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের মাধ্যমে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছে। অথচ তারা ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল। তিনি আরও বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসবে বা পুনর্বাসিত হবে, এটি দেশকে অস্থিতিশীল করতে দিল্লির প্রোপাগান্ডা। তবে ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই। যদিও গত আট মাস ধরে সরকার নানাভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে। শ্রমিক অসন্তোষ নিয়ে তিনি বলেন,​শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পরে মজুরি বোর্ড গঠন করা সরকারের এক ধরনের গাফিলতি ছিল। এর সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষ নাশকতার চেষ্টা চালিয়েছে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রুঞ্জু এবং সদস্য সচিব ইসমাঈল হোসেন হাদী।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।