গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ এএম

চট্টগ্রামে শিক্ষাসফরের বাস উল্টে নিহত ২, আহত ১৫

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রামে শিক্ষাসফরের বাস উল্টে নিহত ২, আহত ১৫
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস সড়কের পাশের খাদে পড়ে উল্টে যাওয়ায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০-১৫ জন। শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনিয়া বটতল কেরানীহাট রেলবিটের প্রায় ৩০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, তিশা পরিবহনের একটি বাস কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলার নিউ মার্কেট এলাকা থেকে বাক্সিমুল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শিক্ষাসফরের উদ্দেশে রওনা হয়েছিল। পথে সাতকানিয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্ধারিত লেন অতিক্রম করে সড়কের পশ্চিম পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন হাসপাতালসহ সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬) ও সোহানা আফরোজ (৪৫) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।