গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:০৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে তিন বৃদ্ধ, পাশে প্রিয়াঙ্কা চোপড়া

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে তিন বৃদ্ধ, পাশে প্রিয়াঙ্কা চোপড়া

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন মানুষের কাজ পুরোপুরি দখল করে নেবে- এই প্রশ্ন এখন প্রায় সব পেশার মানুষের মনেই ঘুরছে। কেউ ভাবছেন চাকরি হারানোর কথা, কেউ আবার চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। আর এই ভয়কেই ভারতীয় শর্ট ফিল্ম ‘উই ওয়্যার হিয়ার’-এ একেবারে অন্য মেজাজে পর্দায় তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত তিন বৃদ্ধ। ছবিটির এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

প্রণব ভাসিনের লেখা ও পরিচালনায় নির্মিত কমেডি মকুমেন্টারি ঘরানার এই ছবির গল্প তিন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে ঘিরে। তাদের ধারণা, প্রযুক্তির বিস্তারের কারণে একসময় মানুষের কাজের সুযোগ কমে যাবে। এর প্রতিবাদে তারা বেছে নেন অভিনব এক পদ্ধতি। কেউ মাইক্রোওয়েভ ওভেন, কেউ গাড়ির রিভার্স ক্যামেরা, আবার কেউ স্যাটেলাইট ডিশের ছদ্মবেশ ধারণ করেন।

ছবিটির বিষয়বস্তু প্রিয়াঙ্কার ভালো লেগেছে। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এই চলচ্চিত্র সময়োপযোগী একটি বিষয়কে নতুন ও বুদ্ধিদীপ্ত রসিকতার মাধ্যমে তুলে ধরেছে। সৃজনশীল এই দলের কাজকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবং তাদের মৌলিক ভাবনাকে যথাযথ পরিচিতি দিতে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার সুযোগটি আমি লুফে নিয়েছি।’

ইতিমধ্যে ৮০টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘উই ওয়ার হিয়ার’। ছবিটি জিতেছে ২০টিরও বেশি পুরস্কার। পাম স্প্রিংস আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সাফল্যের পর ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য যোগ্যতা অর্জন করে এটি।

যুক্তরাষ্ট্রের সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) উৎসবে সেরা ন্যারেটিভ শর্ট বিভাগে দর্শক পুরস্কার জিতেছে ছবিটি। পাশাপাশি পেয়েছে রেডব্রেস্ট আনহিডেন অ্যাওয়ার্ড। এ পুরস্কারের জন্য ছবিটি নির্বাচন করেছিলেন অভিনেতা অ্যান্ড্রু স্কট। পরে তিনিও নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হন।

ছবিটির নির্মাণের পেছনের ভাবনা নিয়ে পরিচালক প্রণব ভাসিন বলেন, তিন অবসরপ্রাপ্ত ব্যক্তির এআইয়ের বিস্তার ঠেকানোর চেষ্টা নিয়ে ছোট্ট একটি মজার ধারণা থেকে ছবিটির যাত্রা শুরু। কাজ করতে গিয়ে ওই তিন ব্যক্তির বন্ধুত্ব ও প্রতিকূলতার বিরুদ্ধে তাদের লড়াইয়ের প্রতি ভালো লাগা তৈরি হয় তার।

ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে প্রণব বলেন, ভারতের বাস্তবতা অনেক সময় কল্পনার চেয়েও বিচিত্র। তাই মকুমেন্টারি নির্মাণশৈলী বেছে নিয়েছেন তিনি। এর মাধ্যমে বাস্তব মানুষ ও জায়গার সঙ্গে গল্পের অদ্ভুত বিষয়গুলো তুলে ধরার সুযোগ পেয়েছেন।

ছবিটি অস্কারের যোগ্যতা অর্জন করায় নিজের অনুভূতি জানিয়ে প্রণব বলেন, একজন তরুণ নির্মাতা হিসেবে অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল নির্বাহী প্রযোজকদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। ছবিটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে সবাই মিলে কাজ করার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

যশ গনসাই ছবিটির প্রযোজক ও অন্যতম অভিনেতা। এতে আরও অভিনয় করেছেন সতীশ কাশ্যপ, দেবেন্দ্র দোদকে, অরিন্দল বাগচী, শুভম কুজুর ও কল্পনা গাগদেকর।

ক্লেরমঁ-ফেরাঁ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ছবিটির আন্তর্জাতিক উদ্বোধনী প্রদর্শনী হয়। সেখানে এটি ক্যানাল প্লাস পুরস্কার জেতে। বর্তমানে ‘দ্য নিউ ইয়র্কার’-এর আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে ‘উই ওয়ার হিয়ার’।

সূত্র: আউটলুক

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।