প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:০৮ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে ভারুয়া বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। তিনি ওই মসজিদের বর্তমান সভাপতি এবং নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজা উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন আবু সালেহ আহমেদ। তবে এ বিষয় নিয়ে একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তার অনুসারীদের আপত্তি ছিল।
শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন সালেহ আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
সূত্র: নতুন আরএসএস সোর্স