ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৬ রানের শক্ত লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে আসর শুরুর পর প্রথম জয়ের খোঁজে আছে জুনিয়র টাইগার দল। আসরের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায় ফরিদ হাসানের দল। প্রথমে ব্যাটে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। দলীয় ৪১ রানে ২৫ বলে ৩০ রান করে আউট হন আব্দুল্লাহ আল মুহি। দলীয় ৬৩ রানে আল-আমিনের (১৩) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি। তৃতীয় উইকেটে জারিফ সিয়াম ও আহসান আল মুমিন ১০৬ বলে ৬৮ রানের জুটি গড়েন। সিয়াম ৮৩ বলে ৫৯ রান করে আউট হন। চতুর্থ উইকেটে ফরিদ হাসানের সাথে ৬২ বলে ৪২ রানের জুটি গড়েন মুমিন। দলীয় ১৭৩ রানে ৩৫ বলে ১৭ করে সাজঘরে ফেরেন অধিনায়ক ফরিদ। অন্যপ্রন্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মুমিন। দলীয় ২২৪ রানে ৯৮ বলে ৮২ রান করে আউট হন তিনি। শেষদিকে আর কেউ সুবিধা করতে না পারলেও ২৪৫ পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নেন সেথমিকা সেনেভিরত্নে, ৩ উইকেট নেন গিমহান মেন্ডিস। ২ উইকেট নেন কৌশিকা কুমারাসিংহে।