ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’র প্রতিযোগী তন্ময় সিং, যিনি গেমিং জগতে ‘স্কাউট ওপি’ নামে পরিচিত, তাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন প্রেমিকা কাশভি হিরানন্দানি। সম্প্রতি এক লাইভস্ট্রিমে কাশভির রহস্যময় কিছু মন্তব্য তাদের পাঁচ বছরের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়েছে। বিশেষ করে নিজের সম্পর্ককে ‘ফাইনাল অ্যাক্ট’ (শেষ অধ্যায়) ও ‘লাস্ট ড্যান্স’ (শেষ নাচ) বলে উল্লেখ করায় বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে।
কাশভি একজন জনপ্রিয় গেমিং কনটেন্ট নির্মাতা ও স্ট্রিমার। সম্প্রতি নিজের লাইভস্ট্রিমে স্কাউটের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মাত্র পাঁচ বছরই তো ছিল, অন্যদের তো আরও...বুঝতেই পারছেন।’ এরপর দর্শকদের উদ্দেশে তার পরামর্শ, ‘শো-টা দেখুন, উপভোগ করুন এবং বিনোদন নিন।’
একই সঙ্গে স্কাউটের প্রকৃত সমর্থকদের উদ্দেশে কাশভি বলেন, লাভ গিল ও স্কাউটের সম্পর্ক নিয়ে চলমান আলোচনা বা বিতর্কে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখাতে। কারণ, তাদের প্রতিক্রিয়া এই বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসবে এবং জল্পনা বাড়াবে।
নিজের পরিস্থিতি নিয়ে কাশভি বলেন, ‘আমি আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। তাই প্রতিদিনের পরিস্থিতি প্রতিদিন সামলানোর চেষ্টা করছি। এমন ঘটনা তো প্রতিদিন ঘটে না। এই শোয়ের একটি বিষয় হলো, পরিস্থিতি যত বেশি বিভক্তিমূলক হয়, প্রতিক্রিয়াও তত বাড়ে। মানুষও এ নিয়ে বেশি কথা বলে।’
চলমান আলোচনা নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন বলেও জানান কাশভি। সম্পর্কের ক্ষেত্রে অনিরাপত্তা বা ইনসিকিউরিটি নিয়ে বিতর্কে জড়াতে চান না তিনি। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমার পক্ষ থেকে স্কাউট ওপির ভক্তদের জন্য যতটা সম্ভব করেছি।’ একই সঙ্গে স্কাউটের সমর্থকদের তাকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
তবে লাইভস্ট্রিমের শেষ দিকে কাশভির একটি মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার জন্য এটাই শেষ অধ্যায়, শেষ নাচ।’ এরপর অবশ্য তিনি যোগ করেন, ‘তবে বিষয়টি নিয়ে যারা সরাসরি জড়িত, তাদের দুজনেরই কথা বলা উচিত।’
কাশভি ও স্কাউটওপি প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে রয়েছেন বলে জানা যায়। তবে চলমান বিগ বসে লাভ গিলের সঙ্গে স্কাউটের ঘনিষ্ঠতা বাড়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। স্কাউট ও লাভ দুজনই তাদের সম্পর্ককে ভাই-বোনের মতো বলে দাবি করেছেন। কিন্তু শোতে তাদের নিয়মিত ঘনিষ্ঠতা ও শারীরিক সান্নিধ্য দর্শকদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিষয়টি নিয়ে ‘উইকেন্ড কা ভার’-এ স্কাউটের মুখোমুখি হয়েছিলেন কাশভি। লাভের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং সম্পর্কের সীমারেখা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ওই ঘটনার পর লাভকে নিয়ে কাশভির কিছু মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। পরে কাশভি দুঃখ প্রকাশ করে জানান, অন্য কোনো নারীকে আক্রমণ করা তার উদ্দেশ্য ছিল না। বরং স্কাউটকে তার আচরণের জন্য জবাবদিহির আওতায় আনতেই তিনি কথা বলেছিলেন।
এদিকে কাশভির আপত্তির পরও স্কাউট ও লাভের ঘনিষ্ঠতায় খুব একটা পরিবর্তন দেখা যায়নি। তাদের একসঙ্গে আলিঙ্গন করা, হাত ধরে থাকা এবং ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর দৃশ্য নিয়মিতই আলোচনায় আসছে। যদিও তারা নিজেদের সম্পর্ককে ভাই-বোনের মতো বলেই দাবি করে আসছেন।
কাশভির সাম্প্রতিক মন্তব্যের পর তাদের পাঁচ বছরের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে সম্পর্কের বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেননি তিনি।
সূত্র: মিড ডে
সূত্র: নতুন আরএসএস সোর্স