নিজের জীবন নিয়ে বায়োপিক নির্মাণের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলিউড সুপারস্টার সালমান খান মন্তব্য করেছেন যে, তার জীবনের গল্পে সিনেমা নির্মাণ করা হলে এমন অনেক সত্য সামনে আসবে, যাতে অনেকেই ডুবে যাবে। শুক্রবার (৬ নভেম্বর) ভারতের মুম্বাইয়ে নিজের আগামী সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
সেখানে ষাট বছর বয়সী এই অভিনেতাকে প্রশ্ন করা হয়, নিজের জীবন নিয়ে কখনো বায়োপিক নির্মাণের কথা ভেবেছেন কি না। প্রশ্ন শুনে হেসে ওঠেন এবং বায়োপিক নির্মাণের সম্ভাবনা নাকচ করে দিয়ে সালমান বলেন, ‘আমার জীবনে এমন কিছু নেই, যা দিয়ে একটি সিনেমা তৈরি করা যায়। তবে একই সঙ্গে বলতে হয়, সত্যিকারের বায়োপিক নির্মাণ করা হলে এমন অনেক কিছু সামনে আসবে, যাতে অনেক মানুষ ডুবে যাবে।’ তার এই মন্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। তার কথায় ইঙ্গিত ছিল, নিজের জীবনের এমন অনেক ঘটনা রয়েছে, যা এখনো জনসমক্ষে আসেনি। সেসব ঘটনা নিয়ে সত্যনিষ্ঠ চলচ্চিত্র নির্মিত হলে অনেকের জন্য তা অস্বস্তিকর হতে পারে।
এদিকে সালমানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছবির গল্প, চিত্রনাট্যে পরিবর্তন আনার গুঞ্জন এবং মুক্তির সময় পেছানোর কারণ নিয়েও কথা বলেন অভিনেতা। ছবিটির রাজনৈতিক চাপ বা চীনকে কীভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। তবে সালমান স্পষ্ট করেছেন, সিনেমাটি কখনোই চীনবিরোধী গল্প হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়নি। তার ভাষ্য, ছবিতে দুই দেশের সেনাদের পাশাপাশি তুলে ধরা হয়েছে। সংঘাতের পরিস্থিতিতে দুই পক্ষের সৈন্যরা কীভাবে মুখোমুখি হন, সেটিই গল্পের মূল বিষয়। যুদ্ধের বৃহত্তর রাজনৈতিক বা কূটনৈতিক প্রভাব তুলে ধরার পরিবর্তে সেনাদের সরাসরি সংঘর্ষের চিত্র দেখাতে চেয়েছেন নির্মাতারা। সালমানের প্রশ্ন, তার অভিনীত একটি সিনেমা কীভাবে দুই দেশের কূটনৈতিক বা সামরিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে? চিত্রনাট্য পরিবর্তনের জন্য সরকার নির্মাতাদের চাপ দিয়েছে- এমন খবরও নাকচ করেন তিনি। অভিনেতা জানান, কোনো দৃশ্য বাদ না দিয়েই ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
সিনেমাটির মুক্তি কয়েক দফা পিছিয়ে যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন সালমান। তার মতে, ভিজ্যুয়াল ইফেক্টস বা ভিএফএক্সের কাজ নিখুঁত করতেই বেশি সময় নিয়েছেন নির্মাতারা। দর্শক যেন বড় পর্দায় সিনেমাটি দেখার সময় ভিএফএক্সের কোনো ত্রুটি খুঁজে না পান, সে বিষয়টি নিশ্চিত করতে চেয়েছেন তারা। এছাড়া সিনেমার নায়িকা চিত্রাঙ্গদা সিংয়ের চোটও শুটিংয়ের সময়সূচিতে প্রভাব ফেলেছে। শুরুতে ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু চিত্রাঙ্গদার সুস্থ হয়ে ওঠা এবং ফিজিওথেরাপির জন্য প্রত্যাশার চেয়ে বেশি সময় প্রয়োজন হয়। চলতি বছরের শুরুতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও কয়েক দফা তারিখ পরিবর্তন করা হয়। শেষ পর্যন্ত সালমান জানিয়েছেন, আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সূত্র: নতুন আরএসএস সোর্স