গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:২৭ এএম

নরসিংদী রেলস্টেশনে অসুস্থ হয়ে একজনের মৃত্যু, এক দিনেও মেলেনি পরিচয়

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নরসিংদী রেলস্টেশনে অসুস্থ হয়ে একজনের মৃত্যু, এক দিনেও মেলেনি পরিচয়

নরসিংদী রেলস্টেশনে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নরসিংদী রেলস্টেশনের দুই প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর বা তার বেশি। তাঁর পরনে ছিল কালো শার্ট ও লুঙ্গি।

রেলওয়ে পুলিশ জানায়, নরসিংদী সরকারি কলেজের তিন শিক্ষার্থী ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করেন। পরে তাঁদের সহযোগিতায় অটোরিকশায় ওই ব্যক্তিকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল জানিয়ে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবির বলেন, ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ওই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়। তাঁরা হাসপাতালে গিয়ে তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করেন। তবে তাতে সফল হননি। তাঁর লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রকাশ করা হয়েছে। আজ শনিবার দুপুরে আবারও হাসপাতালে গিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চালায় পিবিআই। তবে কেউ তাঁর খোঁজ নিতে আসেননি।

রেলস্টেশনে নিয়মিত যাতায়াত করেন, এমন মানুষও ওই ব্যক্তিকে চিনতে পারছেন না। তিনি কোনো ট্রেনের যাত্রী ছিলেন, নাকি রেললাইন পার হয়ে শহরের অন্য প্রান্তে যাচ্ছিলেন, তা–ও নিশ্চিত হওয়া যায়নি।

রেলস্টেশনে নিয়মিত যাতায়াত করেন, এমন মানুষও ওই ব্যক্তিকে চিনতে পারছেন না। তিনি কোনো ট্রেনের যাত্রী ছিলেন, নাকি রেললাইন পার হয়ে শহরের অন্য প্রান্তে যাচ্ছিলেন, তা–ও নিশ্চিত হওয়া যায়নি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, নরসিংদী সদর হাসপাতালের মর্গে ওই ব্যক্তির লাশের ময়নাতদন্ত চলছে। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্বজনদের জন্য অপেক্ষা করবেন তাঁরা। এরপর অজ্ঞাতপরিচয় হিসেবে রেলওয়ে কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।