গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৫:১৬ পিএম

রাশিয়া সফরে গিয়ে ইসরায়েল ইস্যুতে আরাগচির সতর্কবার্তা

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
রাশিয়া সফরে গিয়ে ইসরায়েল ইস্যুতে আরাগচির সতর্কবার্তা
পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের উসকানিতে কোনো সামরিক হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে, এমন পরিস্থিতি গ্যাস সরবরাহকারী ও ভোক্তা উভয় পক্ষের জন্যই বড় উদ্বেগের কারণ। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের উসকানিতে যে কোনো সামরিক দুঃসাহসিকতার কারণে আন্তর্জাতিক বাজারে ভয়াবহ প্রভাব পড়ার বিষয়টি গ্যাস সরবরাহকারী ও ভোক্তা উভয় পক্ষের জন্যই বড় উদ্বেগ।’ রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত গ্যাস রপ্তানিকারক ফোরামে ইরানের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরার সময় আরাগচি এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, তেহরান তার জ্বালানি কূটনীতিকে এগিয়ে নিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে গত কয়েক দিনে ইরানে নতুন করে হামলার সম্ভাবনার কথা সামনে এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের কাছ থেকে তৈরি হওয়া অস্তিত্বগত হুমকি দূর করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে ইসরায়েলের। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। ইরানের রাজধানী তেহরানে চার দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়।  বৈঠকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন অংশ নেন। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, চারটি আঞ্চলিক দেশের মধ্যে সহযোগিতা জোরদার এবং অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে অংশগ্রহণকারীরা একমত হয়েছেন। এমন এক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হলো, যখন ইরানকে ঘিরে উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে ফেলেছে এবং বৈশ্বিক অর্থনীতিতেও অস্থিরতা তৈরি করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বৈঠকটিকে চার দেশের প্রথম যৌথ বৈঠক হিসেবে বর্ণনা করেছে। সূত্র : আল জাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।