যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর নিজের মন্ত্রিসভায় কয়েকটি পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। খবর আনাদোলু এজেন্সির।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি মন্ত্রিসভার কাউকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, করছি। সামান্য কিছু পরিবর্তন।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি আমার মন্ত্রিসভাকে ভালোবাসি। আমার মনে হয়, তারা ভালো কাজ করছে। তবে আমি হয়তো কয়েকটি পরিবর্তন আনব।’
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসনে নেতৃত্ব পর্যায়ে রদবদলের ইঙ্গিত হিসেবে তার এ বক্তব্যকে দেখা হচ্ছে।
এরই মধ্যে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার নতুন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নেবেন। তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন।
ট্রাম্পের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা ওয়াইলস এবার প্রেসিডেন্টের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে যুক্ত হবেন।
সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্পের এই সাক্ষাৎকারটি রোববার (৮ নভেম্বর) প্রচারিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
সূত্র: কালবেলা