গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম

বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন বললেন মোরছালিন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন  বললেন মোরছালিন

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে একের পর এক আক্রমণ করেছে বাংলাদেশ। তৈরি করেছে গোলের বেশ কয়েকটি সুযোগ। কিন্তু সেসব সুযোগের বেশির ভাগই কাজে লাগানো যায়নি। শেষ পর্যন্ত জয় এসেছে মাত্র ১-০ গোলে। তাতে গোলের জন্য আক্ষেপই থাকার কথা। তবে গোলের জন্য আক্ষেপ থাকলেও শেখ মোরছালিনের কাছে প্রথম ম্যাচে বেশি গোল না হওয়াটা একদিক থেকে ভালোই হয়েছে!

ভুটানের বিপক্ষে জয়ের পর ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ সামনে রেখে আজ এবিজি স্পোর্টস সিটির অনুশীলন মাঠে অনুশীলন করেছে দল। অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভুটান ম্যাচে বেশি গোল না হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখেছেন মোরছালিন। তাঁর কথায়, ‘একদিক থেকে আমি মনে করি, ভালোই হয়েছে। অনেক সময় বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে (হাসি)। তেমন কিছুর সুযোগ নেই। আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত।’

জ্বরে আক্রান্ত হওয়ায় ভুটানের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি মোরছালিন। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন এই মিডফিল্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে ফেরার ব্যাপারেও আশাবাদী তিনি, ‘এখন আমি পুরোপুরি সুস্থ। দলে সুযোগ পেলে ভালো কিছু করতে পারব।’

বাংলাদেশ দলের অনুশীলনে শেখ মোরছালিন

শ্রীলঙ্কাকে অবশ্য মোটেও সহজ প্রতিপক্ষ ভাবছেন না মোরছালিন। তাঁর চোখে, এবারের শ্রীলঙ্কা দল বেশ ভালো। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সতর্ক থেকেই মাঠে নামতে চায় বাংলাদেশ। তবে ভুটানের বিপক্ষে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন মোরছালিন।

গত সাফ চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা এবার ঘরের মাঠে কাজে লাগাতে চান মোরছালিন। শুধু ভালো খেলাই নয়, ঘরের মাঠে শিরোপা জেতাই তাঁর লক্ষ্য। তাঁর কথায়, ‘এবার আমাদের ট্রফিটা জিততেই হবে। ঘরের মাঠে খেলা, আমাদের দারুণ একটা সুযোগ।’

ভুটানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও গোলের সুযোগ কাজে লাগানোর জায়গায় উন্নতি করতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ঘাটতি কাটিয়ে উঠতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের অভাব কেন

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।