গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:০৫ পিএম

ব্যাংক ধসের ঘটনায় ক্ষমতাচ্যুত প্যারাগুয়ের প্রেসিডেন্ট, হলেন গৃহবন্দি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ব্যাংক ধসের ঘটনায় ক্ষমতাচ্যুত প্যারাগুয়ের প্রেসিডেন্ট, হলেন গৃহবন্দি

ব্যাংক ধসের ঘটনায় সৃষ্ট রাজনৈতিক ও আর্থিক সংকটের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। পরে তাকে গৃহবন্দি করেছে পুলিশ। দেশটির ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংক উয়েনো বন্ধ হয়ে যাওয়ার পর দেশটিতে সংকট তৈরি হয়। বৃহস্পতিবার পেনিয়া পদত্যাগের প্রস্তাব দিলেও আইনপ্রণেতারা তা গ্রহণ না করে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে অভিশংসন প্রক্রিয়া চালান। শুক্রবার সিনেটে ৪৪ জন সদস্য তার অপসারণের পক্ষে ভোট দেন।

অভিশংসনের ফলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে আজীবন সিনেট সদস্য থাকার সুযোগ ও আইনি দায়মুক্তি হারিয়েছেন পেনিয়া। এরপর ব্যাংক ধসের ঘটনায় তদন্তের অংশ হিসেবে প্রসিকিউটররা তার গ্রেপ্তারের নির্দেশ দেন। আপাতত তাকে নিজের বাড়িতে গৃহবন্দি রাখা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, পেনিয়া স্বার্থের সংঘাত তৈরি করেছেন, ব্যাংকটির পক্ষে প্রভাব খাটিয়েছেন, পেনশন তহবিলের অর্থ ব্যবহারে অনিয়ম করেছেন এবং নিয়ন্ত্রক সংস্থার তদারকিতে প্রভাব বিস্তার করেছেন। তবে পেনিয়া সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

উয়েনো ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২৯ লাখ গ্রাহকের হিসাব আটকে গেছে। এতে সাধারণ মানুষ, পেনশনভোগীসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক অর্থ তুলতে সমস্যায় পড়েছেন। সংকটের প্রতিবাদে রাজধানী আসুনসিওনসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

নতুন প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা বলেছেন, ব্যাংক ধসে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি ২০২৮ সালের আগস্ট পর্যন্ত পেনিয়ার মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন।

এদিকে বিশ্বাসভঙ্গ, প্রভাব খাটানো ও অর্থ আত্মসাতের অভিযোগে পেনিয়াকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। এসব অভিযোগের তদন্ত চলছে।

সূত্র: বিবিসি ও রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।