গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০১:৫২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৫:১৩ পিএম

রাজধানী পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
রাজধানী পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে রুনা আক্তার (১৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী অপু মিয়ার (২৪) বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে তুরাগ থানার দলিপাড়ার ৫ নম্বর সেক্টরের ৬/এ সড়কের শেষ মাথায় ৫১ নম্বর বাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত রুনা আক্তার নেত্রকোনার সদর উপজেলার সাতকান্দা গ্রামের মো. হাদিস মিয়ার মেয়ে। অপরদিকে  অভিযুক্ত অপু মিয়ার বাড়ি একই উপজেলার দাপুনিয়া গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে। এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পারিবারিক বিরোধের একপর্যায়ে অপু মিয়া তার স্ত্রী রুনা আক্তারকে ধারালো ছুরি দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুনা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন ছুরিসহ অপু মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয় বলেও জানান তিনি। ওসি মোস্তাফিজ বলেন, স্ত্রী অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িত—এমন সন্দেহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।