প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪৭ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৫৯ পিএম
ঢাকার ধামরাইয়ে আরিফুল ইসলাম (৩৮) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর তার অটোরিকশাটি উপজেলার খাগুরতা-বাটুলিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) এস এম এনামুল হক।
এর আগে নিখোঁজ চালকের বড় ভাই মো. জমির আলী ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ আরিফুল ইসলাম ধামরাই উপজেলার দক্ষিণ কাটাবৈর এলাকার মো. শুকুর আলী বেপারির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা স্টেশন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাটুলিয়া মাঠের দিকে যান আরিফুল। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খাগুরতা-বাটুলিয়া এলাকায় তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
আরিফুলের বড় ভাই মো. জমির আলী অভিযোগ করেন, পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এর আগে তাদের হুমকি দেওয়া হয়েছিল। পূর্বশত্রুতার জেরে আরিফুলকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ভাইকে দ্রুত উদ্ধারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম এনামুল হক জানান, চালক নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিত্যক্ত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। চালকের সন্ধান পেতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স