প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪৮ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৫৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (আইএএসডিএসএএ) পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. সেকান্দার হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং পূবালী ব্যাংকের প্রতিনিধি সুলতানা সরিফুন নাহার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইএএসডিএসএএ-এর সভাপতি অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান স্বাগত বক্তব্য দেন।
ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. জাহিদা গুলশান এবং অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ড. মো. আজাদ উদ্দিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সাবেক শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও পেশাগত জীবনে সহযোগিতার জন্য মেন্টরশিপ, বৃত্তি, গবেষণা, সেমিনার, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে।
একই সঙ্গে ইনস্টিটিউটের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নেও সাবেক শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের মতো সম্ভাবনাময় ক্ষেত্রে ইনস্টিটিউটকে জাতীয় পর্যায়ে উৎকর্ষের কেন্দ্রে পরিণত করতে শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে অবদান রাখার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
সূত্র: নতুন আরএসএস সোর্স