১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী শক্তির সব চক্রান্ত নস্যাৎ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহসভাপতি ও ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন রতন (চেয়ারম্যান)।
তিনি বলেন, সেদিন বন্দিদশা থেকে তৎকালীন সেনাবাহিনীর কর্মকর্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্ব তার হাতে তুলে দিয়েছিল সিপাহী-জনতা। এর মধ্য দিয়ে প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদিন রতন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর যেভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও সাধারণ মানুষ আজও ঐক্যবদ্ধ রয়েছে। ৭ নভেম্বরের চেতনা থেকেই বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ডেমরা থানা বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা অতীতেও রাজপথে সক্রিয় ছিলেন, এখনও রয়েছেন। ভবিষ্যতেও সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে তারা রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন।
এ সময় ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: কালবেলা