প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:২৯ পিএম
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আজকের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান। ৭ নভেম্বরই এই ভিত্তি স্থাপিত হয়। বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে বারবার বাধাগ্রস্ত হয়েছে। এদেশের জন্য এম এ জি ওসমানী, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের যে অবদান আমরা বাংলাদেশের মানুষ তা অস্বীকার করতে পারবো না।’
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ বলেন, ‘সত্যিকারের ইতিহাস লিখতে হবে। বারবার এই ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে। এতে করে জাতি হিসেবে আমরা ছোট হয়েছি। তাই আমাদের পেছনে তাকানোর সুযোগ নাই। প্রতিহিংসার রাজনীতি, আক্রমণের রাজনীতি আমরা করতে চাই না। আমরা চাই দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে।
নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সদর উপজেলা মিলনায়তনে সভায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ প্রমুখ।
অপরদিকে, সকালে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল ১০টার দিকে জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে দুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতা, বাবুল চেীধুরী, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অন্য নেতাকর্মীরা।
সূত্র: নতুন আরএসএস সোর্স