গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ানো হয়েছে। কারিগরি ত্রুটির কারণে পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া চার ঘণ্টা বিঘ্নিত হওয়ায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

শনিবার (৭ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে আগামী ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন প্রায় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী। পাসের হার ৫২.১২ শতাংশ। যা বিগত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

গত বছর থেকে এবার ২৯ হাজার ১৩ জন শিক্ষার্থী কম জিপিএ-৫ পেয়েছেন। এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৮৪টি। যা গতবার জিপিএ ৫ পেয়েছিলেন ৭২ হাজার ১৭৬ টি।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।