প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১২:০১ এএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম
হবিগঞ্জের একটি হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের কাছ থেকে বিপুল পরিমাণ পান, জর্দা ও চুনের কৌটা জব্দ করে নষ্ট করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান ডা. সোহরাব হোসেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের কাছ থেকে বিপুল পরিমাণ পান, জর্দা ও চুনের কৌটা জব্দ করে তা নষ্ট করে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ডা. সোহরাব হোসেন বলেন, হাসপাতালে বসে স্বজনরা পান চিবিয়ে যত্রতত্র পানের পিক ফেলায় হাসপাতালের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণেই হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করেছে।
যদিও ঠিক কোন হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়েছে, তা ফেসবুক পোস্টে জানাননি ডা. সোহরাব। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিভিন্ন ভিডিও থেকে জানান গেছে, এটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ঘটনা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এই চিকিৎসক দেশের প্রতিটি হাসপাতালেই এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তিনি মনে করেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে পান-জর্দা সেবন এবং যত্রতত্র পানের পিক ফেলার বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সূত্র: কালবেলা