গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:২৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:১১ পিএম

ঘুমিয়েই ৬০ দিনে প্রায় ১৩ লাখ টাকা জিতলেন ভারতের তরুণী

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ঘুমিয়েই ৬০ দিনে প্রায় ১৩ লাখ টাকা জিতলেন ভারতের তরুণী

ঘুমিয়েই আয় করা যায় লাখ লাখ টাকা! শুনতে অবাক লাগলেও এমনই এক প্রতিযোগিতায় অংশ নিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি (প্রায় ১৩ লাখ টাকা) পুরস্কার জিতেছেন ভারতের মুম্বাইয়ের তরুণী জিনিয়া চ্যাটার্জি। দুই মাসের প্রতিযোগিতা শেষে তিনি হয়েছেন ভারতের ‘স্লিপ চ্যাম্পিয়ন’। পুরস্কারের পাশাপাশি পেয়েছেন স্পনসর করা ছুটির ভ্রমণ।

শনিবার (৭ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের হোম ও ফার্নিশিং পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়েকফিট আয়োজিত ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামের এই প্রতিযোগিতায় আবেদন করেছিলেন দেশটির দুই লাখের বেশি মানুষ। কয়েক ধাপের বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে তাদের মধ্য থেকে ১০ জনকে নির্বাচন করা হয়।

প্রায় ৬০ দিন ধরে চলে এ প্রতিযোগিতা। এ সময় অংশগ্রহণকারীদের ঘুমের সময় ও মান পর্যবেক্ষণ করা হয়। প্রতিদিনের স্কোরের ভিত্তিতে তৈরি করা হয় লিডারবোর্ড।

তবে প্রতিযোগিতাটি শুধু ঘুমানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অংশগ্রহণকারীদের নিয়মিত ঘুমের সময়সূচি মেনে চলার পাশাপাশি সৃজনশীল নানা চ্যালেঞ্জেও অংশ নিতে হয়েছে। এর মধ্যে ছিল জনপ্রিয় সিনেমার দৃশ্য ঘুমের সঙ্গে মিল রেখে পুনর্নির্মাণ, এক সপ্তাহের ঘুমের অভ্যাস মূল্যায়ন এবং কথোপকথনে অন্যদের সন্দেহের উদ্রেক না করে ১০ বার ‘ব্ল্যাংকেট’ অথবা ‘পিলো’ শব্দ ব্যবহার করা। প্রতি সপ্তাহের সেরা প্রতিযোগী পেয়েছেন ‘প্রো স্লিপার অব দ্য উইক’ খেতাব।

চূড়ান্ত পর্বে জিনিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও তিনজন। সেখানে তাদের স্মৃতিশক্তি, পর্যবেক্ষণক্ষমতা ও ঘুমের পরিবেশ তৈরির দক্ষতা যাচাই করা হয়। প্রতিযোগীদের নিজেদের পছন্দমতো সাজানো ঘরে এক রাত ঘুমাতে হয়। তাদের ঘুমের স্কোরের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হন জিনিয়া।

২০১৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম চার আসরে ১০ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এসব আসরে ৬৫ জন ইন্টার্ন প্রত্যেকে এক লাখ রুপি করে ভাতা পেয়েছেন। আগ্রহীদের জন্য ষষ্ঠ আসনের প্রাক্‌-নিবন্ধনও ওয়েকফিটের আনুষ্ঠানিক ওয়েবসাইটে শুরু হয়েছে।
  
সূত্র: এনডিটিভি

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।