গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:০৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩৫ এএম

হাল ছাড়ছে না নেতানিয়াহুর দল, নির্বাচনের ফল চ্যালেঞ্জের প্রস্তুতি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হাল ছাড়ছে না নেতানিয়াহুর দল, নির্বাচনের ফল চ্যালেঞ্জের প্রস্তুতি
ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনের ফল আংশিক অথবা পুরোপুরি চ্যালেঞ্জ করে আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। আরব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অবৈধভাবে প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের ওপর নজরদারি এবং ভোটার উপস্থিতি বাড়ানোর অভিযোগ তুলে এ পদক্ষেপ নিতে যাচ্ছে দলটি। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে লিকুদ পার্টির আইনজীবী ইলান বোমবাখ এ তথ্য জানান। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নন, বরং এবারের পার্লামেন্ট নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে বোমবাখের ভাষায় উঠে এসেছে হাল না ছাড়ার সিদ্ধান্তের বিষয়টি।  বোমবাখের দাবি, নির্বাচনের দিন আরব দলগুলোর কর্মীরা স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে ভোটারদের উপস্থিতি পর্যবেক্ষণ করেছেন। অথচ নির্বাচনের ঠিক আগে ইসরায়েলের হাইকোর্ট এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিলেন। লিকুদের আইনজীবী জানান, নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা দলটির পর্যবেক্ষকেরা এ বিষয়ে প্রায় ৭০০টি অভিযোগ জমা দিয়েছেন। তার দাবি, প্রতিটি অভিযোগের সঙ্গে শত শত, এমনকি হাজার হাজার ভোটের বিষয় জড়িত। তবে নির্বাচনের ফলাফল পুরোপুরি চ্যালেঞ্জ করা হবে, নাকি নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আপিল করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান বোমবাখ। এদিকে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর নেতানিয়াহু ও তার বিদায়ী জোটের কয়েকজন নেতা বারবার অভিযোগ করেছেন, আরব দলগুলোর কারণে নির্বাচন ‘চুরি’ হয়েছে। রেকর্ডসংখ্যক আরব ভোটারের অংশগ্রহণের ফলে নেতানিয়াহুর জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি করছেন তারা। এ ছাড়া ঘুষ, ভয়ভীতি প্রদর্শন, জালিয়াতি ও অন্যান্য অনিয়মের অভিযোগও তুলেছেন জোটের নেতারা। লিকুদ পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, জেরুজালেম জেলা আদালতে এ আপিল করা হবে। তবে আপিলের শেষ সময়সীমা ১৭ নভেম্বরের আগে তা দাখিল হওয়ার সম্ভাবনা কম। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।