প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:০৯ এএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩৪ পিএম
খুলনা নগরীর খানজাহান আলী রোডের পিটিআই মোড় এলাকায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানটিতে এ হামলা চালানো হয়।
প্রতিষ্ঠানটির মালিক মাসুম বিল্লাহ বলেন, প্রায় এক মাস আগে ডায়াগনস্টিক সেন্টারের ইনচার্জ সাগরকে ফোন করে টাকা দাবি করা হয়। এরপর শনিবার সকালে অপরিচিত একটি নম্বর থেকে আমাকেও ফোন করা হয়। তবে আমি ফোনটি রিসিভ করিনি। এর প্রায় দুই ঘণ্টা পরই ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির ক্যাশ কাউন্টারে দায়িত্বে থাকা রোজী বলেন, চার থেকে পাঁচজন লোক বাইরের কাচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তার সামনেই ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। এ সময় প্রতিষ্ঠানের অন্য কর্মীরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা চাইনিজ কুড়াল উঁচিয়ে তাদের ভয়ভীতি দেখায়। ভাঙচুর শেষে চলে যাওয়ার সময় আমার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত পাঁচজনকে শনাক্ত করা গেছে। তারা প্রতিষ্ঠানের বাইরের কাচের দরজা কুপিয়ে ও ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।
তিনি আরও বলেন, তাদের মধ্যে তিনজন গত সপ্তাহে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত ২৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাবু খান রোডে কমার্স কলেজের বিপরীতে অবস্থিত সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা।
গত ২৮ অক্টোবর খুলনা নগরীর আহসান আহমেদ রোডে অবস্থিত চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালানো হয়। ৩ নভেম্বর খুলনার শান্তিধাম মোড়ে ইউনাইটেড ডেন্টাল স্ক্যানের সামনে দুটি চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ৫ নভেম্বর গভীর রাতে খুলনা মহানগরীর ইসলামপুর রোডে জাতিসংঘ পার্কের পেছনে একটি স্থানীয় পত্রিকা অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্র: নতুন আরএসএস সোর্স