গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:০৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম

ঢাকায় ম্যাককোয়ারি ইউনিভার্সিটির ওপেন ডে অনুষ্ঠিত 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ঢাকায় ম্যাককোয়ারি ইউনিভার্সিটির ওপেন ডে অনুষ্ঠিত 
অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ম্যাককোয়ারি ইউনিভার্সিটির উদ্যোগে ঢাকায় বার্ষিক ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, বিভিন্ন শিক্ষাক্রম, বৃত্তি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের ওপেন ডেতে অংশ নেন। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর হোটেল আমারিতে অনুষ্ঠিত ওপেন ডেতে শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। এ সময় ম্যাককোয়ারি ইউনিভার্সিটিতে ভর্তি, বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, স্কলারশিপ এবং অস্ট্রেলিয়ায় পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার সম্পর্কে তথ্য দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাককোয়ারি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা। ম্যাককোয়ারি ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মানসম্মত শিক্ষা, গবেষণার সুযোগ এবং সহায়ক একাডেমিক পরিবেশের কারণে অস্ট্রেলিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন- অস্ট্রেডের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ম্যাককোয়ারি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট বিভাগের পরিচালক তানভীর শহীদ বলেন, বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের মেধা, উচ্চাকাঙ্ক্ষা ও বহুমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে ক্যাম্পাস কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের একাডেমিক লক্ষ্য ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে বিশ্ববিদ্যালয়টি সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। ওপেন ডেতে ব্যবসা শাখা, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, প্রকৌশল, মেডিসিন, স্বাস্থ্যবিজ্ঞান, কলা এবং সামাজিক বিজ্ঞানসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানানো হয়। শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা এবং বাস্তবভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে এসব প্রোগ্রাম পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে ম্যাককোয়ারি ইউনিভার্সিটির কান্ট্রি ম্যানেজার মো. মাজেদুল আলম ও রাফসান জিলানি এবং অ্যাপ্লিকেশন এনগেজমেন্ট টিমের বেদুরা শবনম ও ফারাহনাজ রহিম উপস্থিত ছিলেন। এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ম্যাককোয়ারি ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীরা স্নাতক ও কোর্সভিত্তিক স্নাতকোত্তর প্রোগ্রামে প্রতিবছর ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত টিউশন ফি সহায়তা পাওয়ার সুযোগ পেতে পারেন। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ম্যাককোয়ারি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি গবেষণাভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৭-এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বের ১২৬তম।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।