গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০২:৫৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম

এমএলএসে ফের আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এমএলএসে ফের আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
২০২৬ সালের নিয়মিত মৌসুমের শেষ রাতে আলো নিজের দিকে কেড়ে নিলেন কাভান সুলিভান। শনিবার (৮ নভেম্বর) রাতে সুবারু পার্কে দুর্দান্ত এক জোড়া গোল করে রেকর্ডভাঙা নিয়মিত মৌসুমের চমৎকার এক ইতি টানলেন ১৭ বছর বয়সী এই বিস্ময় বালক। তার জাদুকরী পারফরম্যান্সে ভর করে টরন্টো এফসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। আর এর মাধ্যমেই কিশোর ফুটবলারটির ক্যারিয়ারের প্রথম প্লে-অফের মঞ্চ প্রস্তুত হলো। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে ৬ নম্বর বীজ নিশ্চিত করেছে ফিলাডেলফিয়া। প্লে-অফের প্রথম রাউন্ডে তিন ম্যাচের সেরা সিরিজের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ৩ নম্বর বীজ নিউ ইংল্যান্ড রেভোলিউশন। ফিফা বিশ্বকাপ বিরতির পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচ রায়ান রিখটার এই তরুণ তুর্কির ওপর আস্থা রাখার পর থেকেই সুলিভানের মৌসুমের দ্বিতীয়ার্ধটা ছিল অবিশ্বাস্য রকমের সফল। ম্যাচে একটি পেনাল্টি আদায় করার পাশাপাশি দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান সুলিভান। এর মধ্যে বড় ভাই কুইন সুলিভানের অ্যাসিস্টে করা একটি গোলও রয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯টি এবং অ্যাসিস্ট ১৪টি, যা এমএলএস ইতিহাসে কোনো কিশোর খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ২৩টি গোল অবদানের রেকর্ড। টরন্টোর বিপক্ষে ম্যাচে দুই ভাইই জালের দেখা পাওয়ায় এমএলএস ইতিহাসে একই ক্লাবের হয়ে একই ম্যাচে গোল করা মাত্র তৃতীয় ভাইবোনের জুটি হিসেবে নাম লেখালেন কাভান ও কুইন। ডিসিশন ডে-র এই অসাধারণ পারফরম্যান্স কিশোর সেনসেশন কাভান সুলিভানকে এমএলএস ‘ইয়ং প্লেয়ার অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা তরুণ খেলোয়াড় পুরস্কারের অন্যতম প্রধান দাবিদারে পরিণত করেছে। ম্যাচের শেষ দিকে সামান্য চোট পেয়ে মাঠ ছাড়লেও কোচ রিখটার জানিয়েছেন, চোটটি খুব একটা গুরুতর নয়। আন্তর্জাতিক দায়িত্ব শেষে ফিলাডেলফিয়ায় ফিরে প্লে-অফের লড়াইয়ে নামবেন সুলিভান। গত মৌসুমে সেমিফাইনালে হারের আক্ষেপ ভুলে এবার ভিন্ন কোনো ফল উপহার দিতে মুখিয়ে আছেন এই তরুণ তারকা। মৌসুমজুড়ে পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুলিভান বলেন, আপনাদের ভালোবাসা আমরা অনুভব করতে পারছি, প্লে-অফের জন্য আর তর সইছে না।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।