তরুণ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহা প্রকাশ্যে আনলেন নিজের বৈবাহিক জীবনের খবর। এতদিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও এবার স্বামীর সঙ্গে পবিত্র ওমরাহ পালনের ছবি প্রকাশ করে নতুন জীবনের কথা ভক্তদের জানিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে পবিত্র কাবা শরিফের সামনে স্বামীর সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন নীহা। ছবিতে স্বামীর মুখ আড়ালে রেখেছেন এই অভিনেত্রী। ওমরাহ পালনের ছবি প্রকাশের পাশাপাশি নিজের অনুভূতির কথাও জানিয়েছেন নীহা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা নিজেদের মধ্যে গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন সেই পথচলার গল্পই আনন্দের সঙ্গে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।’ তিনি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে আমাদের একসঙ্গে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের এই বন্ধন যেন সবসময় বরকতে পরিপূর্ণ থাকে।’ নীহার এই পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভক্ত-অনুরাগীরা তাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন। এর আগে গত জুন মাসের শেষ দিকে নিজের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘এনগেজড’ উল্লেখ করেছিলেন নাজনীন নীহা। এরপর তার বাগ্দানের খবর ছড়িয়ে পড়ে। তবে সে সময় নীহা জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে বাগ্দানের কোনো ঘোষণা তিনি দেননি। তখন শুধু জানিয়েছিলেন, তিনি আর সিঙ্গেল নন। গণমাধ্যমকে অভিনেত্রী বলেছিলেন, বাকি বিষয়গুলো সময় হলে সবাই জানতে পারবেন। এবার স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে ব্যক্তিগত জীবনের সেই নতুন অধ্যায়ের কথা জানালেন তিনি। তবে নীহার স্বামীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। নীহার স্বামী বাংলাদেশের নাগরিক নন, তিনি পাকিস্তানি। যদিও এ বিষয়ে অভিনেত্রী বা তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।