গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:২৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০১:৩৯ পিএম

চুল না থাকায় অডিশনের সুযোগও পাননি অনুপম খের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চুল না থাকায় অডিশনের সুযোগও পাননি অনুপম খের

বলিউডে কাজ শুরুর আগে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেতা অনুপম খেরকে। মাথায় চুল না থাকায় অনেক পরিচালক তাকে অডিশন দেওয়ার সুযোগও দেননি। একসময় তিন মাসের বাড়িভাড়া বকেয়া পড়ে যায়। ভাড়ার টাকা জোগাড় করতে না পেরে মুম্বাইয়ের সমুদ্রসৈকতে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছিল তাকে। এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেছিলেন ৭১ বছর বয়সী এই অভিনেতা।

১৯৮৪ সালে মুক্তি পাওয়া ‘সারাংশ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অনুপম খেরের। তখন তার বয়স ছিল মাত্র ২৮ বছর। প্রথম সিনেমাতেই তাকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে হয়েছিল। চরিত্রটিতে অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা পেলেও বলিউডে নিজের জায়গা তৈরি করার পথটা সহজ ছিল না।

সাক্ষাৎকারে অনুপম জানান, প্রথম সিনেমা থেকেই অভিনয়ের ক্ষেত্রে নিজের দক্ষতার প্রমাণ দিতে চেয়েছিলেন তিনি। তার লক্ষ্য ছিল, এমনভাবে চরিত্র ফুটিয়ে তোলা, যাতে দীর্ঘদিন চলচ্চিত্রজগতে কাজ করার যোগ্যতা প্রমাণ করতে পারেন।

তবে অভিনয়ের সুযোগ পাওয়ার আগেই চেহারা নিয়ে নানা বাধার মুখে পড়তে হয়েছিল তাকে। অল্প বয়সেই চুল পড়ে টাক হয়ে গিয়েছিল অনুপমের। এ কারণে অনেক পরিচালক তাকে সিনেমায় নিতে আগ্রহী ছিলেন না। এমনকি অভিনয়ের যোগ্যতা যাচাইয়ের জন্য অডিশন দেওয়ার সুযোগও দেওয়া হতো না।

অনুপম বলেন, ‘আমি তো ভাবতেই পারিনি যে কেউ আমাকে কোনো ছবিতে কাস্ট করবে। খুব কম বয়সেই আমার চুল পড়ে গিয়েছিল। অনেক পরিচালকই শুধু এই কারণে আমাকে ছবিতে নিতে চাননি যে আমার মাথায় চুল নেই। এমনকি আমাকে কোনো অডিশন দেওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হতো না। পরিচালকরা দেখতেই চাইতেন না যে আমি আদৌ ওই চরিত্রের জন্য উপযুক্ত কি না।’

১৯৮৩ সালে মুম্বাইয়ে পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন অনুপম। কাজের আশায় প্রতিদিন পরিচালক ও প্রযোজকদের কাছে ঘুরতেন। কিন্তু কোথাও থেকে কাজের নিশ্চয়তা পাচ্ছিলেন না। একপর্যায়ে পরিবারের আর্থিক সংকট এতটাই বেড়ে যায় যে তিন মাসের বাড়িভাড়া বকেয়া পড়ে।

সেই সময়ের কথা বলতে গিয়ে অনুপম জানান, একদিন বাড়ি ফিরে দেখেন, বাড়িওয়ালা তাদের সব আসবাবপত্র বারান্দায় বের করে রেখেছেন। পরিস্থিতি সামাল দিতে এক প্রযোজকের কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল তাকে।

অনুপম বলেন, ‘একটা সময় আমার তিন মাসের বাড়িভাড়া বাকি পড়ে গিয়েছিল। একদিন বাড়ি ফিরে দেখি, বাড়ির মালিক আমাদের সমস্ত আসবাবপত্র বারান্দায় বের করে দিয়েছেন! তখন এক প্রযোজকের কাছ থেকে ধার করে ২ হাজার ১০০ টাকা জোগাড় করে বকেয়া ভাড়া মিটিয়েছিলাম।’

তবে সেই টাকা দিয়ে বকেয়া ভাড়া পরিশোধ করলেও পরবর্তী সময়ে থাকার জন্য আর কোনো জায়গা খুঁজে পাননি তারা। বাধ্য হয়ে মুম্বাইয়ের সমুদ্রসৈকতে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছিল অনুপমকে।

সেই কঠিন সময়ের কথা মনে করে অভিনেতা বলেন, ‘এখন পেছনের দিকে ফিরে তাকালে সেই দিনগুলোকে কোনো রূপকথার গল্পের মতো মনে হয়।’

একসময় কাজের সুযোগ না পাওয়া এবং আর্থিক সংকটে দিন কাটানো অনুপম খের পরবর্তী সময়ে বলিউডের পরিচিত চরিত্রাভিনেতাদের একজন হয়ে ওঠেন। ‘সারাংশ’ দিয়ে শুরু হওয়া তার দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক সিনেমায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।