গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:৩৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০২:০১ পিএম

‘উদারতার সুযোগ নিয়ে আ.লীগ নেতাকর্মীরা হাসিনার সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ করছে’

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘উদারতার সুযোগ নিয়ে আ.লীগ নেতাকর্মীরা হাসিনার সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ করছে’

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, উদারতার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ করছেন। নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমে সম্পৃক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

রোববার (৮ নভেম্বর) পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।

নুরুল হক নুর বলেন, সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনার সঙ্গে অনলাইনে যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। বিভিন্ন জায়গায় কারা বক্তব্য দিয়েছেন, তাদের তালিকা ও অডিও প্রকাশিত হয়েছে। এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত ব্যক্তি এবং আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে রাজনৈতিকভাবেও বিষয়টি মোকাবিলা করতে হবে। উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

২০২৪ সালের জুলাই-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গলাচিপা-দশমিনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে হামলা-মামলা বা হয়রানির শিকার না হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। তারা বাজারে ব্যবসা-বাণিজ্য করছেন, দোকানদারি করছেন।

তিনি বলেন, ‘আমরা চাইনি, অতীতে আমাদের ওপর যে ধরনের নির্যাতন করা হয়েছে, আমরাও তাদের সঙ্গে একই আচরণ করি। তবে যারা অতিরিক্ত অন্যায় করেছে, তাদের পাপের প্রায়শ্চিত্ত তাদের নিজেদেরই করতে হবে। প্রকৃতিরও একটি বিচার রয়েছে, যাকে বলা হয় ন্যাচারাল পানিশমেন্ট।’

স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ঢাকায় লোক পাঠানো কিংবা বাস ভাড়া করার মতো কর্মকাণ্ডে জড়িতদের ওপর নজরদারি রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডও পর্যবেক্ষণের আহ্বান জানান।

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাব হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।