গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:৪৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:৫৩ পিএম

এক যুগ পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, ৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এক যুগ পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, ৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন
ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার এক যুগ পর আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। হত্যাকাণ্ডের ১২ বছর পর রোববার (৮ নভেম্বর) ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান ওরফে সাগরকে ভার্চুয়ালি অভিযোগ পড়ে শোনানো হয়েছে। জামিনে থাকা তিন আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিষয়ে শুনানি হয়নি। মামলার ছয় আসামি হলেন হাদিসুর রহমান ওরফে সাগর, আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, রফিকুল ইসলাম ফারদীন, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী, মাহমুদ ইবনে বাশার এবং রতন চৌধুরী ওরফে ইঞ্জিনিয়ার রিপন ওরফে রাকিবুল ইসলাম রিয়াজ। রোববার আদালতে হাজির ছিলেন জামিনে থাকা তিন আসামি আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী ও রতন চৌধুরী ওরফে রিয়াজ। অন্যদিকে মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৫ নভেম্বর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম অভিযোগপত্রটি দাখিল করেন। এতে আরও ১২ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালের ২৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে নুরুল ইসলাম ফারুকীর বাসায় কলিং বেল বাজায় দুর্বৃত্তরা। দরজা খুললে প্রথমে দুজন বাসায় প্রবেশ করে তার সঙ্গে ড্রয়িংরুমে বসে। কিছুক্ষণ পর আরও ছয় থেকে সাতজন সেখানে ঢোকে। একপর্যায়ে বসার জায়গা না হওয়ায় ফারুকীর মামাতো ভাই মারুফ হোসেন ভেতর থেকে চেয়ার আনতে যান। ফিরে এসে তিনি দেখতে পান, নুরুল ইসলাম ফারুকীর মাথায় পিস্তল ও চাপাতি ঠেকিয়ে রেখেছে দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে ফারুকীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।