সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ৩-২ গোলে রোমাঞ্চকর জয়ের পর বড় ধাক্কা ভারত দলে। আসরের মাঝপথে দল ছেড়ে গেছেন অভিজ্ঞ ৬ ফুটবলার। তিনজন ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন, বাকি তিনজন ফিরে গেছেন ক্লাবের হয়ে খেলতে। ঢাকার চলা আসরে দেশটি মূলত অনূর্ধ্ব-২৩ দলকে পাঠিয়েছে। ভারতের সিনিয়র জাতীয় দলের কোচ খালিদ জামিল নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দল দিয়েছেন। ২৩ সদস্যের দল জানিয়েছেন। সেই দলে জায়গা পেয়েছেন সাফের স্কোয়াডের সাথে আসা লিস্টন কোলাচো, মুহাম্মদ সোহাইল ও বিজয় ভারগিজ। চলতি সাফে আর খেলবেন না এই তিন ফুটবলার। অন্যদিকে ফরোয়ার্ড ফারুক চৌধুরী, নওফেল পিএন ও হমিংথানমাউইয়া রাল্টে (ভালপুইয়া) ভারতে ফিরে গেছেন। তাদের ক্লাবের সঙ্গে আগে থেকেই সমঝোতা ছিল যে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলে তারা ফিরে যাবেন। সাফে ভারতের হেড কোচের দায়িত্বে আছেন নওশাদ মুসা। জাতীয় স্টেডিয়ামে সাক্ষাতে খেলোয়াড় চলে যাওয়ায় প্রশ্নে চ্যানেল আই অনলাইনকে তিনি জানালেন, ‘হ্যাঁ, আমাদের ৬ জন খেলোয়াড় সাফের ক্যাম্প ছেড়েছেন।’ তবে অন্যকোন প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি। এই মুহূর্তে ভারত দলে কতজন খেলোয়াড় আছেন সেটাও জানাতে চাননি। ভারত গ্রুপপর্বের শেষ ম্যাচে ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দুদল উঠবে সেমিফাইনালে। ছয় ফুটবলারের বিদায় সামলে শেষ ম্যাচে প্রত্যাশিত ফল পাওয়া দেশটির লক্ষ্য। টুর্নামেন্ট চলাকালে জাতীয় দলের ডাক বা ক্লাবের প্রয়োজনে খেলোয়াড়দের চলে যাওয়ার বিষয়টি সাফের প্রতিযোগিতার ভারসাম্যে কতটা প্রভাব ফেলতে পারে সেই বিতর্ক উঠেছে।