গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩৯ পিএম

সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ নুরের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ নুরের

সংঘাত এড়াতে গলাচিপা ও দশমিনার চরাঞ্চলে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৮ নভেম্বর) পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। 

চরাঞ্চলে তরমুজ চাষ ও জমি ইজারা নিয়ে সম্ভাব্য বিরোধের বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘গলাচিপা ও দশমিনার চরাঞ্চলে প্রচুর পরিমাণে তরমুজ উৎপাদিত হয়। বিগত বছরগুলোতে এসব চরে প্রায় এক মৌসুমের জন্য জমি ইজারা নিয়ে তরমুজ চাষ করা হতো। কিন্তু ভোলা, গলাচিপা ও দশমিনায় বিভিন্ন কারণে এবার এখন পর্যন্ত ইজারা দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘সরকারি দল, জোট এবং এলাকার জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব রয়েছে, চর নিয়ে যেন কোনো ধরনের মারামারি, হানাহানি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। প্রয়োজনে এসব চরে তরমুজ চাষ বন্ধ রেখে লাল নিশান টাঙিয়ে দেওয়া হোক, তবু কোনোভাবেই সংঘাত হতে দেওয়া যাবে না।’

চর দখল ও ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগের প্রসঙ্গ টেনে নুর বলেন, বিগত দিনে যারা এসব চর দখল করে ভোগদখল করেছেন এবং ভুয়া কাগজপত্র তৈরি করেছেন, তাদের কেউ কেউ এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে ভিডিও তৈরি করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ের অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কারণে সব সময় এলাকায় আসা সম্ভব হয় না। জাতীয় পর্যায়েও বিভিন্ন কাজ করতে হয়। তাই এলাকায় থাকা নেতৃবৃন্দ, বিশেষ করে নির্বাচনে দায়িত্ব পালনকারী এবং জ্যেষ্ঠ নেতাদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কানাঘুষা ও ফিসফাস না করে সবাই একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে।

স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ঢাকায় লোক পাঠানো কিংবা বাস ভাড়া করার মতো কর্মকাণ্ডে জড়িতদের ওপর নজরদারি রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডও পর্যবেক্ষণের আহ্বান জানান।

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাব হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।