গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:১০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম

নিজ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার, ছাত্রদলের দুই নেতাকে শোকজ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নিজ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার, ছাত্রদলের দুই নেতাকে শোকজ

দিনাজপুরের নবাবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে ইউনিয়ন শাখার দুই ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল ও সদস্যসচিব মুক্তি মাহফুজ স্বাক্ষরিত এক পত্রে তাদের এ নোটিশ দেওয়া হয়।

শোকজপ্রাপ্ত দুজন হলেন- উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সামিউল ইসলাম ও সহ-সভাপতি আহসান হাবিব।

নোটিশে জানা যায়, তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা, অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে। তাদের এমন কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলীয় ঐক্য বিনষ্টের আশঙ্কা তৈরি হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী।

নোটিশে প্রাপ্তির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে বিবেচনা করে সংগঠনের প্রচলিত সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুক্তি মাহফুজ বলেন, শনিবার তাদের দুজনকে সাংগঠনিকভাবে নোটিশ করা হয়েছে। এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।