রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- সাইফুল প্রামানিক (২০), ইরান প্রামানিক (২২), নয়ন মোল্লা (২০), মো. রাব্বি হোসেন (২২) ও মো. সুহান শেখ ওরফে সোহান (২৩)। তাদের সবাই পাংশা উপজেলার বাগমারা ও মেঘনা (উত্তরপাড়া) এলাকার বাসিন্দা।
জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) ভোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। তারই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাহাদুরপুর ইউনিয়নের সক্রিয় কর্মী। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার এবং বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত। গতকাল ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য একত্রিত হয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে গ্রেপ্তাররা এলাকায় প্রভাব বিস্তার করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স