গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:৫২ পিএম

হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলা, কারণ নিয়ে ধোঁয়াশা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলা, কারণ নিয়ে ধোঁয়াশা
ইরানের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে একের পর এক বিস্ফোরণ ও জাহাজে হামলার খবর পাওয়া গেলেও এসব ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যমে বিস্ফোরণের খবর প্রকাশিত হলেও ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাস্ক, সিরিক, বন্দর আব্বাস ও কেশম এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে প্রত্যক্ষদর্শীরা এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। খবর আল জাজিরা। বিস্ফোরণগুলো যুক্তরাষ্ট্রের হামলার কারণে ঘটেছে, নাকি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরানের পদক্ষেপের অংশ—তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কিংবা সরকারের অন্য কোনো শাখার আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, আইআরজিসির দাবি অনুযায়ী, অনুমোদনহীন পথে চলাচলের কারণে দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পরিষ্কার নয়। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে প্রতিদিনই নতুন নতুন খবর সামনে আসছে। কিন্তু কোন জাহাজ কীভাবে হামলার শিকার হচ্ছে, কোথায় বিস্ফোরণ ঘটছে এবং এসব ঘটনার পেছনে কারা জড়িত—তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এমন পরিস্থিতিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এ অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে প্রকৃত ঘটনা ও বিভিন্ন পক্ষের দাবির মধ্যে পার্থক্য নির্ধারণ করাও কঠিন হয়ে উঠেছে।  সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।