গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:২০ পিএম

১৬ দাবিতে এপেক্স ফুটওয়্যার শ্রমিকদের কর্মবিরতি, দুই দিনের ছুটি ঘোষণা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
১৬ দাবিতে এপেক্স ফুটওয়্যার শ্রমিকদের কর্মবিরতি, দুই দিনের ছুটি ঘোষণা
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণসহ ১৬ দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন চন্দ্রা এপেক্স ফুটওয়্যার লিমিটেডের (ইউনিট-১) শ্রমিকরা। দাবিগুলো বাস্তবায়নে কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। এ পরিস্থিতিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলে রোববার (৮ নভেম্বর) ও সোমবার (৯ নভেম্বর) দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। রোববার সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানার ভেতরে মাঠে জড়ো হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় শ্রমিকদের মধ্যে আগের হামলার ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়। শ্রমিকদের অভিযোগ, গত মঙ্গলবার শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন চলাকালে এপেক্স ফুটওয়্যার কারখানার প্রধান ফটক বন্ধ রেখে উৎপাদন কার্যক্রম চালু রাখা হয়। এ সময় বাইরে থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতির অবনতি হলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। ছুটি শেষে শ্রমিকরা কারখানা থেকে বের হওয়ার সময় প্রধান ফটকের সামনে বহিরাগতদের হামলায় এপেক্স ফুটওয়্যারের বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এ ঘটনায় দুজন শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে শ্রমিকরা তাদের নিরাপত্তা নিশ্চিত না করে কারখানা চালু রাখা এবং হামলায় আহত হওয়ার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ টানা চার দিনের ছুটি ঘোষণা করে বলে জানান শ্রমিকরা। চার দিনের ছুটি শেষে রোববার সকালে কাজে যোগ দিতে কারখানায় এলেও শ্রমিকরা উৎপাদনে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা আগের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ নতুন করে ১৬ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা জানায়। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার ও সোমবার দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) জানান, শ্রমিকদের উত্থাপিত ১৬ দফা দাবি বাস্তবায়নের বিষয়ে কারখানার মালিকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, এপেক্স ফুটওয়্যার কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন। পরে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।