প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম || প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ পিএম
স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তানজিল আমীন শুভ। পুরস্কারের আনুষ্ঠানিক সম্মাননা তালিকায় উত্তরাঞ্চলে নিরাপদ পানি সহজলভ্য করতে মশাল আলোর উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।
'পিওর ওয়াটার ইনিশিয়েটিভ'-এর আওতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৭টি নলকূপ স্থাপন করেছে মশাল আলো। সংগঠনটির হিসাব অনুযায়ী, প্রতিদিন ১,৭০০-এর বেশি মানুষ এসব নলকূপ থেকে পানি সংগ্রহ করেন। আগে উপজেলার কয়েকটি এলাকার বাসিন্দাদের পানি সংগ্রহ করতে এক থেকে দুই কিলোমিটার হাঁটতে হতো।
প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার স্মরণে প্রতিষ্ঠিত ডায়ানা অ্যাওয়ার্ড সমাজসেবা ও মানবিক কাজে অবদান রাখা তরুণদের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা।
২০১৫ সালে টাঙ্গাইলে স্কুলে পড়ার সময় তানজিল ও তাঁর কয়েকজন বন্ধু ১০টি শীতের কাপড় সংগ্রহ করে স্থানীয় মানুষের মধ্যে বিতরণ করেন। সেই উদ্যোগ থেকে শুরু হওয়া মশাল আলো প্রায় ১১ বছরে ৫৮টির মতো প্রকল্প সম্পন্ন করেছে। নিরাপদ পানির পাশাপাশি সংগঠনটি ত্রাণ বিতরণ, রক্তদাতা খুঁজে দেওয়া, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের সহায়তা, স্বাবলম্বীকরণ ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তানজিল বলেন, পুরস্কারে আমার নাম থাকলেও, এর পেছনে মূল অবদান মশাল আলোর স্বেচ্ছাসেবকদের। তাদের পরিশ্রমেই একেকটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে।
রক্তদাতা খুঁজে দেওয়ার কাজটি আরও সহজ করতে মশাল আলো একটি অ্যাপ তৈরি করছে। এ বিষয়ে তানজিল বলেন, জরুরি সময়ে রোগীর পরিবার যেন দ্রুত সম্ভাব্য রক্তদাতার সঙ্গে যোগাযোগ করতে পারে, সে জন্যই আমরা অ্যাপটি তৈরি করছি। শিগগিরই এটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তানজিল ২০২৪ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়ান কলেজ অব অ্যাপ্লায়েড প্রফেশনস বিশ্ববিদ্যালয়-এ স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।
সূত্র: কালবেলা