পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত নৌকাডুবির ঘটনায় ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র একজনকে। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ অন্য যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সেনেগালের রাজধানী ডাকার থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে কেবেমের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
নৌকাটি অনিয়মিত পথে ইউরোপে অভিবাসনের উদ্দেশে যাত্রা করেছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে প্রতিবছর বহু অভিবাসীর মৃত্যু হচ্ছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।
উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে গিয়ে বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। সেনেগালের উপকূলে সর্বশেষ এ নৌকাডুবির ঘটনা সেই ঝুঁকির ভয়াবহতাকেই আবার সামনে নিয়ে এসেছে।
সূত্র: রয়টার্স
সূত্র: কালবেলা