গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১২:২৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ পিএম

ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য

‘যদি বাণিজ্যিক স্বার্থে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তাহলে শুধু এই দুই দলকে নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করুন। অন্য দলগুলোকে প্লে-অফ খেলতে বলুন, অন্য কোনো সময়ে খেলতে বলুন। আমাদের সময় নষ্ট করবেন না।’ সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এভাবেই বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি।

শ্রীলঙ্কার কোচের অভিযোগ, সাফে আয়োজক দেশ ও ভারতের পক্ষে সুবিধা দেওয়ার প্রবণতা রয়েছে। ভুটানের বিপক্ষে ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্তের সমালোচনা করে সাফের নীতি পরিবর্তনের দাবিও জানিয়েছেন তিনি।

আজ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা। এই ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য ফলের চেয়ে রেফারিং নিয়েই বেশি কথা বলেছেন মুতাইরি। ভুটানের বিপক্ষে একাধিক সিদ্ধান্ত শ্রীলঙ্কার বিপক্ষে গেছে বলে দাবি তাঁর। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কী হবে, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই কোচ।

ম্যাচের ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। এক মিনিট পরই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান শ্রীলঙ্কার অলিভার কেলার্ট। ৪৩ মিনিটে কেলার্টের ক্রস থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে নেন ওয়াসিম রাজিক। বিরতির পর ৬৮ মিনিটে পেনাল্টি পায় ভুটান। তবে অধিনায়ক চেনচো গিয়েলশেনের স্পটকিক ঠেকিয়ে দেন লঙ্কান গোলকিপার সুজন পেরেরা। ৭৬ মিনিটে অবশ্য দুর্দান্ত গোল করে সমতা ফেরান চেনচো।

শ্রীলঙ্কা কোচের দাবি রেফারি তাঁদের অনেকগুলো ফাউলের দাবি এড়িয়ে গেছেন

ম্যাচ শেষে নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্টি জানালেও রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝরেছে মুতাইরির কণ্ঠে, ‘আমার মতে, আজ ভুটানই ভালো খেলেছে। তারা আমাদের বক্সে সাতবার ঢুকেছে। চোট পাওয়া কয়েকজন খেলোয়াড় নিয়েও আমরা ৯০ মিনিট পর্যন্ত লড়াই করেছি। দলের পারফরম্যান্সে আমি খুব গর্বিত। কিন্তু রেফারির কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।’

এরপরই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ টেনে সাফের কাছে প্রশ্ন রাখেন তিনি, ‘ভুটানের বিপক্ষেই যদি এত রেফারিং ভুল হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে আমাদের কী হবে? সাফের কাছে এটাই আমার প্রশ্ন।’ তাঁর অভিযোগ, শ্রীলঙ্কার ১৭ নম্বর খেলোয়াড়কে বক্সের সামনে ছয়বার আঘাত করা হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। অথচ শ্রীলঙ্কা বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে গেলেই ফাউল দেওয়া হয়েছে।

সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও
আবদুল্লাহ আল মুতাইরি, শ্রীলঙ্কার কোচ আমাদের অন্তত একটি পেনাল্টি দেওয়া উচিত ছিল। সেটা থেকে গোল করতে পারি বা না-ও পারি। হারলেও সমস্যা ছিল না; কিন্তু আমরা ন্যায্য বিচার চাই।’

পেনাল্টি ও অফসাইডের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন মুতাইরি। তাঁর দাবি, শ্রীলঙ্কার অন্তত একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল। আবার ভিডিও সহকারী রেফারি (ভিএআর) থাকলে ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইডের কারণে বাতিল হতে পারত। তিনি বলেন, ‘সুজন একটি পেনাল্টি ঠেকিয়েছে। আমার মনে হয়েছে, সেটি পেনাল্টিই ছিল না। আবার আমাদেরও একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল; কিন্তু দেওয়া হয়নি। গ্রুপ পর্বে ভিএআর থাকলে আমার বিশ্বাস, ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইড হিসেবে বাতিল হতো।’

২–১ গোলে এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা

রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে ভিএআর রাখার দাবি জানিয়েছেন শ্রীলঙ্কার কোচ। তাঁর বক্তব্য, ‘এএফসি বা ফিফার সেরা রেফারি আনা সম্ভব না হলে অন্তত ভিএআর রাখুন। শুধু সেমিফাইনাল ও ফাইনালে কেন ভিএআর থাকবে? খরচের কারণে? আয়োজন করার সামর্থ্য না থাকলে প্রতিযোগিতা আয়োজনের দরকার কী? আমাদের অন্তত একটি পেনাল্টি দেওয়া উচিত ছিল। সেটা থেকে গোল করতে পারি বা না-ও পারি। হারলেও সমস্যা ছিল না; কিন্তু আমরা ন্যায্য বিচার চাই।’

ক্যানসারের সঙ্গে লড়ছেন ঋতুপর্ণাদের কোচ, ইংল্যান্ড থেকে দিলেন আবেগঘন বার্তা

তবে অভিযোগ শুধু আজকের ম্যাচের রেফারিংয়ে সীমাবদ্ধ নয়, সাফের আগের আসরগুলোর দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন মুতাইরি। তিনি বলেন, ‘২০২১, ২০২৩, ২০১৯, ২০১৭, ২০১৫ ও ২০১৩ সালের ঘটনাগুলো দেখুন। এটা বাংলাদেশ বা শ্রীলঙ্কার বিষয় নয়, এটা ন্যায্য খেলার বিষয়। আয়োজক দেশ যদি মালদ্বীপ হতো, তাহলে আমি ভারত-মালদ্বীপের কথা বলতাম। শ্রীলঙ্কা আয়োজক হলে বাংলাদেশের কোচ হয়তো ভারত-শ্রীলঙ্কার কথা বলতেন। আয়োজক দেশ ও ভারতের দিকে বারবার এমন ঘটনা ঘটছে, যা স্বাভাবিক নয়।’

১১ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। সেই ম্যাচ নিয়ে কোনো ভয় নেই বলে জানিয়েছেন মুতাইরি; বরং ম্যাচটিকে সাফের ইতিহাসের সেরা ম্যাচ বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘আমি শুধু একজনকেই ভয় পাই, আমার বাবাকে। তিনি ৩০ বছর আগে মারা গেছেন। আল্লাহ তাঁকে রহমত করুন। তাই আর কাউকে ভয় পাই না। ফুটবল ১১ জনের বিপক্ষে ১১ জনের খেলা। আমি কথা দিচ্ছি, শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসের সেরা ম্যাচ হবে। আমরা নিজেদের সেরাটা দেব, বাংলাদেশও দেবে।’

মেসির আরেক রেকর্ড: প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।