প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১২:৩১ এএম || প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সমবায়ের মাধ্যমে মানুষের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব। তাই সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সরকারি পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে সমবায়ের মাধ্যমে উৎপাদিত হস্তশিল্প ও পণ্যকে উৎসাহিত করতে হবে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সমবায়ের মূল লক্ষ্য হচ্ছে মানুষের মেধা, শ্রম, নেতৃত্ব ও প্রতিভাকে এক জায়গায় নিয়ে আসা। এককভাবে কাজ করার চেয়ে সম্মিলিতভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব। ঐক্যবদ্ধ শক্তির কাছে যেকোনো অপশক্তি পরাজিত হতে বাধ্য।
‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে সকালে জেলা পরিষদ মিলনায়তন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমবায় পণ্য মেলা অনুষ্ঠিত হয়।
এতে সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে দুজনকে এক লাখ টাকা করে এবং বিআরডিবির পক্ষ থেকে একজনকে দেড় লাখ টাকার ঋণের চেক দেওয়া হয়। এ ছাড়া জেলার ৮ জন সমবায়ীকে সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক ও জেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুল ইসলাম প্রমুখ।
সূত্র: নতুন আরএসএস সোর্স