রাজধানীর সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘বিজয়’ বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) রাতে কলেজ ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে থাকা বাসটির বাম পাশের পেছনের চাকায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
জানা গেছে, বাসের পেছনের চাকার পাশে একটি বোতল ও একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন শিক্ষার্থীরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে দারুস সালাম থানায় অবহিত করেন তারা।
খবর পেয়ে দারুস সালাম পুলিশ বক্সের এসআই কবির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
তবে কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীরা ধারণা করছেন, নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে।
সূত্র: কালবেলা