গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৩:২৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম

গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ ও সেসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে গণপিটুনির শিকার বরিশালের উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জীদ হোসেন মিঠুকে বহিষ্কার করা হয়েছে।

একই ঘটনায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বায়জীদ হোসেন মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্য সচিব মো. কামরুল আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, গত শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাড়িতে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা বায়জীদ হোসেন মিঠুকে হাতেনাতে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

স্থানীয়দের অভিযোগ, মিঠু বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে গোপনে ভিডিও ধারণ করতেন। পরে এসব ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের চেষ্টা করতেন। পুলিশ তার ব্যবহৃত মুঠোফোন তল্লাশি করে ৫টি আপত্তিকর ভিডিও পাওয়ার কথা জানিয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, বায়জীদ হোসেন মিঠুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।